গাজীপুরে চোলাই মদ তৈরির প্রায় ৩০ বছরের পুরাতন পেশা ছেড়ে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরল ২৫ মদ বিক্রেতা নারী-পুরুষ। সোমবার দুপুরে তারা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের হল রুমে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেন। তারা সবাই গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল সাতানীপাড়া এলাকার বাসিন্দা।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন। এ সময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনজুর রহমান, গাজীপুর সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মোমেন মিয়া, পূবাইল থানার অফিসার ইনচার্জ নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই ঐসব মদ ব্যবসায়ীকে ফুল দিয়ে বরণ এবং পরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার শপথ বাক্য পাঠ করানো হয়।
