এই মুহূর্তে মাঠে তেমন ফসল না থাকায় বন্যায় কৃষিতে কম ক্ষতি হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘আমাদের স্বাভাবিক বন্যার দরকার আছে। কারণ আমরা যে সেচব্যবস্থায় গেছি, নিচ থেকে পানি তুলে খরচ করছি। এটা পূরণ করতে হবে। এর জন্য বন্যা, বৃষ্টি দরকার।’
গতকাল সোমবার সচিবালয়ে চাল রপ্তানিকারকদের সঙ্গে এক বৈঠক শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, বন্যার পানির সঙ্গে অনেক পলিমাটি আসে। এর মধ্যে অনেক নিউট্রিয়ান্ট, সার আছে। তাই স্বাভাবিক বন্যা চাষিদের জন্য কল্যাণকর।
