ডেঙ্গু জ্বরে শিশুর মৃত্যু হাসপাতালে ভর্তি ২১৪ জন

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ০০:২০

রাজধানীতে ডেঙ্গু জ্বরের প্রকোপ ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) কাজী ফয়সালের পাঁচ বছরের কন্যাসন্তান রবিবার রাতে ডেঙ্গু জ্বরে মারা যায়। গত ২৪ ঘণ্টায় ২১৪ জন রোগী রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৭৫। এছাড়া হাসপাতালে ভর্তি না হয়ে চিকিত্সকের পরামর্শে অসংখ্য রোগী বাসায় চিকিত্সা নিচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ২১৪ জন ডেঙ্গু রোগীর মধ্যে মিটফোর্ড হাসপাতালে ৩৮ জন, ঢাকা শিশু হাসপাতালে ৪ জন, সোহরাওয়ার্দী হাসপাতালে ৩২ জন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ২১ জন, বারডেম হাসপাতালে ৭ জন, বিজিবি হাসপাতালে ১১ জন ও অন্যান্য বেসরকারি হাসপাতালে ১০১ জন ভর্তি হয়েছে।