আমতলীতে দুই মাস ধরে বন্ধ শিশু রোগের ভ্যাকসিন সরবরাহ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১২:৫৬

বরগুনার আমতলী উপজেলায় স্বাস্থ্য বিভাগে গত দুই মাস ধরে ১০টি শিশু রোগের ভ্যাকসিন সরবরাহ না থাকায় ইপিআই কার্যক্রম বন্ধ রয়েছে। এতে দুশ্চিন্তায় পরেছে উপজেলার কয়েক হাজার শিশুর পরিবার। দ্রুত ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়েছেন পরিবারগুলো।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ উপজেলার শূন্য থেকে ১৮ মাস বয়সী অন্তত ৪ হাজার ৮১২ শিশু পরিবারের শিশুদের সরকারিভাবে নিউমোনিয়া, পোলিও, হাম ও রুবেলা, যক্ষ্মা, হুপিংকাশি, ধনুষ্টংকার, হেপাটাইটিস-বি, হিমোফাইলাস, ইনফ্লুয়েঞ্জা-বি ও হাম রোগের ভ্যাকসিন সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিশু পরিবারগুলো। 

শিশু আব্দুল্লাহর মা ফারজানা আক্তার বলেন, ‘শিশুকে টিকা দিতে হাসপাতালে গিয়েছিলাম কিন্তু না পেয়ে ফিরে এসেছি। এতে আমার শিশুর বিভিন্ন রোগবালাই হওয়ার সম্ভাবনা  আছে।’

লিপি বেগম নামে এক শিশুর মা বলেন, ‘আমার বাচ্চা ভালো রাখার জন্য টিকা চাই। ইপিআই কেন্দ্রে টিকা নেই। আমি শিশু নিয়ে বেশ দুশ্চিন্তায় আছি।’

কুকুয়া ইউনিয়নের চরখালী কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী নার্গিস আক্তার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুদের ভ্যাকসিন দিচ্ছে না। ফলে শিশুদের টিকা দিতে পারছেন না তারা। 

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং জানান, আপাতত ভ্যাকসিন সরবরাহ বন্ধ রয়েছে। আশা করি এ মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুতে ভ্যাকসিন পেয়ে যাবো। (বাসস)

ইত্তেফাক/এএইচপি