মশার ওষুধ নির্বাচনে ডিএনসিসির কারিগরি কমিটি গঠন

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ০০:২১

মশা নিয়ন্ত্রণে কীটনাশক নির্বাচন, কার্যকারিতা পরীক্ষা, ক্রয় প্রক্রিয়ায় সহযোগিতা এবং কীটনাশকের কার্যকারিতা মনিটর করার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ১০ সদস্যবিশিষ্ট একটি কারিগরি কমিটি গঠন করেছে। ডিএনসিসি মেয়র কমিটির সভাপতি এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন। কমিটির সদস্যরা হলেন সংক্রামক রোগ নিয়ন্ত্রণ (সিডিসি)-এর প্রতিনিধি, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর প্রতিনিধি, আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র (আইসিডিডিআর,বি) এর প্রতিনিধি, সিডিসির কীটতত্ত্ববিদ, উদ্ভিদ সংরক্ষণ শাখার প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার, বাংলাদেশ ক্রপ প্রটেকশন অ্যাসোসিয়েশন (বিসিপিএ)-এর সভাপতি এ কে এম আজাদ ও কীটতত্ত্ববিদ ড. মঞ্জুর আহমেদ চৌধুরী। গতকাল সোমবার ডিএনসিসির নগর ভবনে ডিএনসিসি মেয়রের সভাপতিত্বে ‘মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে ব্যবহূত অধিকতর কার্যকর কীটনাশক প্রবর্তন’ শীর্ষক এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।