সাভারে অজ্ঞাত পরিচয় এক নারীর (২৮) অর্ধগলিত লাশের ৬ টুকরো উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় অবস্থিত ময়লার স্তূপ থেকে ঐ নারীর খণ্ডিত লাশের টুকরোগুলো উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
স্থানীয়রা জানান, দুপুরে বলিয়ারপুর এলাকায় অবস্থিত সিটি করপোরেশনের ময়লার ডাম্পিং স্টেশনে পলিথিন কুড়াতে গেলে ঐ নারীর মরদেহ দেখতে পায় পথশিশুরা। বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের হাত-পা ও মাথাবিহীন দেহটি উদ্ধার করে। এরপর তল্লাশী চালিয়ে পৃথক স্থান থেকে মাথা, দুই পা ও দুই হাত উদ্ধার করা হয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে ঐ নারীকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহটি ছয় টুকরো করা হয়। পরে টুকরোগুলো পলিথিনে মুড়িয়ে ফ্রিজে রাখা হয়। এরপর খণ্ডিত লাশের টুকরোগুলো গুম করার উদ্দেশে রাজধানীর অভ্যন্তরের কোনো একটি ময়লার স্তূপে লুকিয়ে রেখে যায় অপরাধীরা। পরবর্তীতে রবিবার রাতে সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির মাধ্যমে পলিথিনে মোড়ানো মরদেহের টুকরোগুলো বলিয়ারপুরের ডাম্পিং জোনে চলে আসে।
তিনি আরো বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে নিহতের পরিচয় এবং হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
