গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের রান্নায় দুর্ঘটনা রোধে ১৭টি সেফটি স্ট্যান্ডার্ড প্রণয়ন করতে যাচ্ছে পণ্যের জাতীয় মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার রাজধানীর হোটেল অনুষ্ঠিত সেফটি স্ট্যান্ডার্ডস ফর ডমেস্টিক গ্যাস কুকিং অ্যাপ্লায়েন্সেস শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসটিআই মহাপরিচালক এস এম ফেরদৌস আলম এ তথ্য জানান।
বিএসটিআই, পেট্রোবাংলা এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিঅং এবং পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) আব্দুল মান্নান পাটোয়ারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআইয়ের পরিচালক (মান) মো. সাইদুল ইসলাম।
গত বছরের শেষের দিকে গ্যাসের রান্নায় মিরপুরে ৩২ বছরের রুমা দম্পতির মর্মান্তিক মৃত্যুসহ বিভিন্ন দুর্ঘটনার উদাহরণ তুলে ধরে বিএসটিআই মহাপরিচালক বলেন, গৃহস্থালিতে গ্যাসের রান্নায় দুর্ঘটনার একটি বড় কারণ হলো সেফটি কুকিং অ্যাপ্লায়েন্সের বিষয়ে সচেতন না থাকা। দেরিতে হলেও বিএসটিআই এ ধরনের সেফটি স্ট্যান্ডার্ড প্রণয়ন করতে যাচ্ছে। আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতি রেখে এসব স্ট্যান্ডার্ড প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্ট্যান্ডার্ডগুলো ইতিমধ্যে বিএসটিআইর টেকনিক্যাল কমিটিতে অনুমোদন পেয়েছে। উচ্চতর কমিটি (ডিভিশনাল কমিটি) তে অনুমোদন শেষে এটা বাস্তবায়নে বাধ্যবাধকতার বিষয়ে কাজ করবে বিএসটিআই।
