রাজধানীর খিলক্ষেত লেকসিটি কনকর্ড এলাকায় নকশা বহির্ভূত ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজউক। অভিযানটি পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে শুরু হয়ে বিকালের দিকে অভিযান শেষ হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, রাজউকের জোন ২/২ এর আওতাধীন খিলক্ষেত লেকসিটি কনকর্ড এলাকায় রাজউক নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। এই সময়ে নকশা বহির্ভূত দুইটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেইসঙ্গে অন্যরা যেন পরবর্তীতে অনুমোদনকৃত নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণ না করে সেই বার্তা দিয়ে সতর্ক করছি। রাজউকের নকশা বহির্ভূত বিল্ডিং তুলতে যেনো না পারে তার জন্য রাজউকের এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। রাজউকের উচ্ছেদ অভিযান একটি চলমান প্রক্রিয়া।
স্থানীয়রা জানান, নকশা বহির্ভূত ভবনে নিয়মিত এই অভিযান পরিচালনা করলে আর এভাবে কেউ নিয়মের বাইরে ভবন নির্মাণ করবো না। রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণ করার সাহস করবে না।
এ সময় মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন-২/২ এর অথরাইজড মাসুক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার এ.কে এম জাকির হোসেন, প্রধান ইমারত পরিদর্শকসহ রাজউকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
