অগ্নিদুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) দুইটি জাহাজ ৪০ কোটি ৪৪ লাখ টাকায় বিক্রি হচ্ছে। নিলামে সর্বোচ্চ দাম উল্লেখ করে জাহাজ দুটি কিনে নিচ্ছে মাস্টার অ্যান্ড ব্রাদার্স নামে একটি জাহাজ রিসাইকেলকারী প্রতিষ্ঠান। ভ্যাট-ট্যাক্সসহ তাদেরকে সর্বমোট পরিশোধ করতে হবে ৫০ কোটি ৫৬ লাখ টাকা। জাহাজ দুটিকে রিসাইকেলের পর রড তৈরির কাঁচামাল প্রস্তুত করা হবে বলে জানা গেছে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক সাংবাদিকদের বলেন, ‘গত মঙ্গলবার বিএসসির পরিচালনা পর্ষদের সভায় জাহাজ দুইটি নিলামে সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান হিসেবে মাস্টার অ্যান্ড ব্রাদার্সকে আমরা চিঠি দেবো। চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে টাকা পরিশোধ করে পরবর্তী সাত দিনের মধ্যে জাহাজগুলো ডেলিভারি নিতে হবে।’
গত বছরের ৩০ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর অগ্নিকাণ্ডের ঘটনায় ‘এমটি বাংলার জ্যোতি’ ও ‘এমটি বাংলার সৌরভ’ ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এগুলো সচল করা হয়নি। জাহাজগুলি বিক্রয়ের জন্য ৫ ডিসেম্বর দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৬ জানুয়ারি। নিলামে ১৬টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়, যার মধ্যে একটি নন রেসপন্সিভ হিসেবে বিবেচিত হয়। বাকিগুলির মধ্যে সর্বোচ্চ দরদাতা হয় মাস্টার অ্যান্ড ব্রাদার্স।
১৯৮৭ সালের মে মাসে বিএসসির বহরে যুক্ত হয় এমটি বাংলার জ্যোতি ও এমটি বাংলার সৌরভ। ডেনমার্কের তৈরি জাহাজ দুটির প্রত্যেকটিতে ১৪ হাজার ৫৪১ টন করে তেল ধারণক্ষমতা ছিল। সাধারণত সমুদ্রগামী জাহাজের লাইফটাইম ২৫ বছর পর্যন্ত ধরা হয়। তবে তেল পরিবহনে দুটি জাহাজের বিকল্প না থাকায় ৩৭ বছর ধরে সেবা দিয়েছে। গত বছরের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করে রাখা অবস্থায় বাংলার জ্যোতিতে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। এরপর ৫ অক্টোবর মধ্যরাতে বাংলার সৌরভে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতেও এক নাবিক নিহত হন। মাত্র পাঁচ দিনের ব্যবধানে এই দুটি ট্যাংকার জাহাজে অগ্নিকাণ্ডে চার জনের মৃত্যু হয়।

