সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। টানা চারবার লিগ শিরোপা জেতা ক্লাবটি এবার শিরোপার দৌড় থেকে অনেকটাই ছিটকে গেছে। তবে এর মাঝেই নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডের সঙ্গে সাড়ে ৯ বছরের চুক্তি করেছে ক্লাবটি। নতুন এই চুক্তি অনুযায়ী ২০৩৪ সাল পর্যন্ত এতিহাদেই থাকবেন এই নরওয়েজিয়ান তারকা।
চুক্তি সই করার পর উচ্ছ্বাস প্রকাশ করে হলান্ড বলেন, ‘ম্যানচেস্টার সিটি এমন একটি ক্লাব, যা প্রতিভা এবং সাফল্যের জন্য অনন্য। কোচ, স্টাফ এবং আমার সতীর্থরা আমাকে সর্বোচ্চ পর্যায়ে খেলতে সাহায্য করেছেন। আমি সিটির হয়ে আরও অনেক সাফল্যের স্বপ্ন দেখি এবং এই ক্লাবকে সেরার তালিকায় ধরে রাখতে কাজ চালিয়ে যেতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমি এখন সিটিরই একজন। আমার লক্ষ্য সেরা হয়ে ওঠা এবং ক্লাবকে আরও বেশি সাফল্য এনে দেওয়া।’
২০২২ সালে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে আসেন হলান্ড। সিটির হয়ে একের পর এক রেকর্ড গড়েছেন তিনি। মাত্র ১২৬ ম্যাচে ১১১ গোল করেছেন এই স্ট্রাইকার। ম্যানসিটিকে এনে দিয়েছেন দুইটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ এবং একটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা।
