নেশা যখন ফটোগ্রাফি

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১৯:০৩

  মো. সোয়াদুজ্জামান সোয়াদ

 

শাটারবাগ হোক আর ফটোগ্রাফার সবার সামনে নিজের ধারণ করা  ছবিগুলো তুলে ধরতে না পারলে থাকে না সার্থকতা, হয় না মনের প্রশান্তিও। ধারণ করা ছবি নিয়ে আলোচনা কিংবা হোক কনটেস্ট নতুবা হোক পরবর্তী সময়ে পেশাদার আলোকচিত্রী হওয়ার ইচ্ছা যে দৃষ্টিকোণ থেকেই দেখা               যাক দরকার হয় প্ল্যাটফরমের। তেমনি একটি প্ল্যাটফরম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিক সোসাইটি (এইএইচএসটিইউপিএস)।

এটি বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ সোসাইটি হওয়ায় সদস্যরা তাত্ত্বিক জ্ঞান ও অভিজ্ঞতার দিক থেকে কিছুটা নবীন; কিন্তু সময় নিয়ে দৃশ্য, আলোর উত্স ও সাবজেক্টের অনুকূলে ক্যামেরার ফিচার ও কম্পোজ সেটিং এবং শাটার বাটনে ক্লিক করতে যে কতটা পারদর্শী সেটা তাদের ফেসবুক গ্রুপটিতে গেলেই বোঝা যায়। একেকটা ছবি থেকে দৃষ্টি সরানোই হয়ে যায় কষ্টসাধ্য, ভিতরে ভিতরে সৃষ্টি হয় ফটোগ্রাফারদের জন্য বিনম্র শ্রদ্ধা। নগণ্য কিংবা অতি সাধারণ একটা বিষয়কে ভাবগম্ভীর ও তাত্পর্যপূর্ণভাবে উপস্থাপন করায় ভীষণ পটু এক একজন।

এই সংগঠনটির বীজ বপন হয়েছিল অনেক আগেই সৌমিত্র রায়, জয়ন্ত দেবনাথ, ফাহিম আরশাদ অনেক আগে থেকেই ক্যাম্পাসের সকল ফটোগ্রাফারদের একত্রিত করার জন্য নিরলসভাবে কাজ করেছেন। তবে, পরিবেশ পরিস্থিতি প্রতিকূলে থাকায় সংগঠন হিসেবে দাঁড় করাতে পারে নি; কিন্তু তাদের বপন করা বীজ থেকেই ১৯ মার্চ ২০১৯ এইচএসটিইউপিএস একটি পূর্ণাঙ্গ সংগঠনের রূপ পায়। ২৭ শিক্ষার্থীকে কার্যনির্বাহী সদস্য ও ৯ শিক্ষককে উপদেষ্টা প্যানেলে রেখে গঠিত হয় কার্যনির্বাহী কমিটি। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সংগঠন চালানোর অনুমোদন থাকলেও নিবন্ধন রয়েছে প্রক্রিয়াধীন।

বছরে কমপক্ষে তিনটি ফটো কনটেস্ট এবং একটি এক্সিবিশন করার পরিকল্পনায় এগিয়ে চলছে এই সোসাইটি। ফটো কনটেস্ট ছাড়াও শনি থেকে শুক্রবার-এর মধ্যে গ্রুপে আপলোডকৃত সেরা ছবিগুলো নিয়ে কমিটির মেম্বারদের মধ্যে আলোচনা ও ভোটের মাধ্যমে নির্বাচন করা হয় একটি সেরা ছবি। যা পরের সপ্তাহ জুড়ে গ্রুপের কভার ফটো হিসেবে শোভা পায়।

এইচএসটিইউপিএস-এর প্রেসিডেন্ট নওরীন আনসারীর সংগঠনটি নিয়ে ভবিষ্যত্ ভাবনা, ‘আমাদের HSTUPS এমনই একটি প্ল্যাটফরম হিসেবে কাজ করবে যেখানে ফটোগ্রাফাররা তাদের নিজেদের কাজের মাধ্যমে নিজেকে প্রকাশ করার সযোগ পাবে।

আগাম বার্তা হিসেবে সংগঠটির সাধারণ সম্পাদক অমিতাভ রায় জানান, ‘কিছুদিন পরেই আমাদের আরেকটি ফটোগ্রাফি কনটেস্ট হতে যাচ্ছে। মোবাইল ও ডিএসএলআর দুই ক্যাটাগরিতে ছবি নেওয়া হবে। প্রতিযোগিতায় বিজয়ী চারজন পাবে বেড়াবো.কম-এর সহযোগিতায় বিনামূল্যে দেশ ভ্রমণের অপূর্ব সুযোগ।’