সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বিজ্ঞপ্তি অনুযায়ী হিসাব সহকারী পদে ২১ জনকে নিয়োগ দেওয়া হবে। এতে বরিশাল ও নারায়ণগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ইতোমধ্যে শুরু হয়েছে আবেদনের কার্যক্রম, চলবে আগামী ২৫ জুলাই, ২০১৯ খ্রি. পর্যন্ত। আবেদনের বিস্তারিত নিয়ে লিখেছেন এম হোসাইন
আবেদনের যোগ্যতা
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, হিসার সহকারী পদে আবেদনের জন্য প্রার্থীকে বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। সেই সঙ্গে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
আবেদনকারীর বয়স
আবেদনকারীর বয়স ২ জুলাই, ২০১৯ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এ ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন প্রক্রিয়া
এই পদে অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য প্রার্থীকে http://brtc.teletalk.com.bd ঠিকানায় প্রবেশ করে চাকরির ফরম পূরণ করে আবেদন করতে হবে। অনলাইনে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা হলে প্রার্থী ইউজার আইডিসহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন। ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ ৩০০ টাকা এসএমএস করে পাঠাতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের প্রিন্টকপি সংরক্ষণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সব সনদপত্রের মূলকপি দেখাতে হবে এবং আবেদনপত্রের প্রিন্টকপিসহ সত্যায়িত একসেট ফটোকপি জমা দিতে হবে।
নিয়োগ ও বেতন-ভাতা
প্রার্থীদের আবেদন যাচাই-বাছাইয়ের পরে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। চূড়ান্তভাবে নির্বাচিতরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ হারে বেতন-ভাতা পাবেন। এ ছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
