কাপাসিয়ায় ভুয়া জজ গ্রেফতার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ০০:০২

গাজীপুরের কাপাসিয়ায় সহকারী জুডিসিয়াল জজ পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে রাশেদুল ইসলাম সোহাগ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার বারিষাব ইউনিয়নের ভেড়ারচালা গ্রামের আঃ খালেকের ছেলে। গতকাল সোমবার তাকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, বেশ কিছুদিন যাবত্ রাশেদুল ইসলাম সোহাগ সাতক্ষীরা জেলার তৃতীয় সহকারী জজ পরিচয় দিয়ে স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন সমস্যার সমাধান, নানা প্রতিষ্ঠানে চাকরি, বদলি, মামলা থেকে খালাস ও জামিন করিয়ে দেয়াসহ বিভিন্ন কাজ করিয়ে দেয়ার কথা বলে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছিল। কিন্তু কথামতো কোনো কাজই সে করে দিতে না পারায় লোকজনের সন্দেহ হলে তারা খোঁজ নিয়ে জানতে পারে সে আসলে কোন জজ নয়।