মহিলা অঙ্গন প্রতিবেদক
প্রতি বছরের মতো এবারও জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় তিনটি পুরস্কার অর্জন করেছে আলমডাঙ্গা কলা কেন্দ্রের শিল্পীরা। এর মধ্যে আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় এবার জাতীয় পর্যায়ে একক অভিনয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে এ কেন্দ্রের শিল্পী সূচি। ২৪ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সূচিকে পুরস্কার তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। সূচি আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। এছাড়া এবার জাতীয় শিক্ষা সপ্তাহের জাতীয় পর্যায়ে জারিগানে ‘ক’ এবং ‘গ’ বিভাগে দ্বিতীয় স্থান আর্জন করেছে এ কেন্দ্রের শিল্পীরা। ‘ক’ বিভাগের বিজীয় শিল্পীরা হলো— সিনথিয়া, এশা, প্রিয়াংকা, লামিছ, তায়েবা ও জ্যোতি। তারা সবাই আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালায়ের ছাত্রী। এছাড়া ‘গ’ বিভাগের বিজয়ী শিল্পীরা হলো— কনা, দিয়া, জয়া, পৃথা, রিতু ও তন্দ্রা। তারা সবাই আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী। সম্প্রতি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে তাদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় এ কলা কেন্দ্র। এ কেন্দ্রে স্থানীয় শিশুরা বিনা বেতনে নাচ, গান, আবৃত্তি, অভিনয়সহ সংস্কৃতির নানা বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছে। এ কেন্দ্রের শিক্ষার্থীরাই জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় একাধিকবার প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়া এ কেন্দ্রের শিক্ষার্থীরা উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে সংস্কৃতির নানা বিষয়ে একাধিকবার পুরস্কার অর্জন করেছে। পাশাপাশি স্থানীয়ভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও তারা অংশগ্রহণ করে থাকে। এ কেন্দ্রের শিক্ষার্থীরা স্থানীয় বেতারের তালিকাভুক্ত শিল্পীও।
কেন্দ্রের প্রতিষ্ঠাতা রেবা রানী সাহা ও সভাপতি ইকলাব হোসেন বলেন, সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব। সে পরিবর্তনের লক্ষ্যেই আমরা এ কেন্দ্রের মাধ্যমে শিশুদের সাংস্কৃতিক চর্চায় উত্সাহিত করছি। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তাদের মধ্যে বড়ো হওয়ার স্বপ্ন বোনার চেষ্টাও করছি। তবে এ কেন্দ্রের কার্যক্রম আরো ভালোভাবে পরিচালনার জন্য প্রয়োজন উন্নত অবকাঠামো ও আর্থিক জোগান। আর শিক্ষার্থীরা বিনাবেতনে শেখার সুযোগ পেলেও শিক্ষকদের আমরা নিয়মিত সম্মানী দিই। এ সম্মানী আমরা সভাপতি ও সম্পাদক ব্যক্তিগতভাবে দিই।
