‘শতবর্ষে রোভারিং সুনাগরিক প্রতিদিন’ এ প্রতিপাদ্য সামনে রেখে আজ মঙ্গলবার থেকে গাজীপুরের বাহাদুরপুরে রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৪ দিনব্যাপী শতবর্ষ রোভারমুট শুরু হচ্ছে। রোভার স্কাউটিং এর শতবর্ষ পূর্তি উপলক্ষে (১৯১৮-২০১৮) এ বিশেষ শতবর্ষ রোভার মুটের আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩ হাজার রোভার, গার্লস ইন রোভার, রোভার নেতা ও কর্মকর্তা অংশগ্রহণ করছেন। মুটে রোভার আত্মউন্নয়ন, দেশ গঠন, সমাজকল্যাণমূলক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করবে। এছাড়া রোভাররা ইয়ুথ পার্লামেন্ট, প্রকৃতি পর্যবেক্ষণ, বিভিন্ন প্রতিবন্ধকতা অতিক্রম, মহা তাবু জলসায় অংশগ্রহণ করবে। সকালে শতবর্ষ মুটের উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) মোঃ মোজাম্মেল হক খান। স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত থাকবেন রোভার অঞ্চলের সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন অর রশিদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক রোভার অঞ্চলের প্রাক্তন সম্পাদক আফজাল হোসেন।
