মালান-তামিম জানালেন মাঠে কী ঘটেছিল

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৫:৪৯

চলমান বিপিএলে মাঠের বাইরে যেসব আলোচনা চলছে তার মধ্যে রয়েছেন তামিম ইকবাল। চ্যাম্পিয়ন্স ট্রফির দলের ভাবনায় থাকার পরও নিজে থেকে সরে দাঁড়ানো, আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘোষণা করার কারণে সমর্থকদের ভালোবাসাও কুড়াচ্ছেন। তবে এর সঙ্গে সমালোচিতও হচ্ছেন মাঠে মেজাজ হারিয়ে।

বলতে গেলে মাঠে ক্রিকেটারদের সঙ্গে তার কথা কাটাকাটির ঘটনা ঘটছে প্রায়ই। রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস, ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমানের পর গেল পরশু তামিমেরই দলের সতীর্থ ইংলিশ ব্যাটারের সঙ্গে তামিমের তর্কের ঘটনা ছিল আলোচনায়। পর্দায় দেখেই মনে হচ্ছিল রানআউট হওয়ার পর তামিম আর মালানের মধ্যে কিছু বাক্য বিনিময় হয়েছে।

যদিও ম্যাচের পরদিন তামিম এবং মালান উভয়ই জানিয়েছেন, তাদের মধ্যে কিছু হয়নি। বাক্য মিনিময় হয়েছে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে মালানের, তামিম এর মধ্যে ছিলেন না।

মালান-তামিমের ঘটনা রোববার দিনের প্রথম ম্যাচে ঘটেছিল সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। স্বাগতিক চিটাগং কিংসের বিপক্ষে ফরচুন বরিশালের ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা। সেই ওভারের দ্বিতীয় বলে মালানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে তামিম মাঠেই হতাশা প্রকাশ করেন। কিছুক্ষণ পর মালানকেও উত্তেজিত হতে দেখা যায়। যদিও পরবর্তী সময় প্রতিপক্ষ দলের খেলোয়াড়রাই পরিস্থিতি সামলাতে সহায়তা করেছেন।

সেই সময় দেখে মনে হয়েছে রানআউট তামিম আর মালানের মধ্যে হয়তো কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এ নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমকে নিয়ে সমালোচনা চলছিল। এর মধ্যেই ফেসবুকে নিজের পেজ থেকে পুরো ঘটনা পরিষ্কার করেন তামিম। সেখানেই জানান, তার সঙ্গে মালানের কিছু হয়নি।

এ ঘটনায় ফেসবুক পোস্টে তামিম লিখেছেন, ‘অনেকেই আমাকে জিগ্যেস করছেন, মাঠে দাউদ মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে! মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রানআউট হওয়ার পরই মালান হাতের ইশারায় ‘‘সরি’’ বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!’

এ সময় টিভির পর্দায় কোনো কিছু দেখেই সেটা নিয়ে বিস্তারিত না জেনে সমালোচনাও করা উচিত না বলে মনে করেন তামিম। বলেন, ‘এরকম অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এরকম হয়েছে। কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়। কিন্তু টিভিতে দু-একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন, তারা সবকিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক-দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়।’

এদিকে চট্টগ্রামে টিম হোটেলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইংলিশ টপঅর্ডার ব্যাটার দাউদ মালানও তামিমের সুরেই কথা বলেছেন। তিনিও জানিয়েছেন, অধিনায়কের সঙ্গে তার কোনো সমস্যা হয়নি। তামিম রানআউট হওয়ার পর তিনি তাকে সরি বলেছিলেন। মালান বলেন, ‘আমার মনে হয় না সেখানে এমন কিছু হয়েছে (তামিম-মালানের বাগবিতণ্ডা), আমি এবং তামিম কেউ কাউকে কিছু বলিনি। ঐটা রানআউট ছিল এবং তখন আমি হাত তুলে তামিমকে সরি বলি। তবে সে সময় প্রতিপক্ষের কোনো একজন খেলোয়াড় আমাকে উদ্দেশ করে কিছু একটা বলে, ঐটাই সবাই ভেবেছে আমি তামিমকে কিছু একটা বলেছি। আসলে সবাই এইটাকে ভিন্নভাবে দেখেছে এবং ব্যাখ্যা করেছে। তবে যদি সেখানে (মাঠের খেলোয়াড়) উপস্থিত কারো কাছে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, তাহলেই তারা বলে দিবে যে কথাগুলো আমার এবং প্রতিপক্ষ খেলোয়াড়দের মধ্যে চলছিল, তামিমের সঙ্গে নয়।’

ইত্তেফাক/এএম