ধর্ষণের বিচার দ্রুত বিচার আইনে করার দাবি

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২১:০৯

সুনামগঞ্জ প্রতিনিধি

ধর্ষণের ঘটনার বিচার দ্রুত বিচার আইনে করা ও শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে সুনামগঞ্জে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে পজিটিভ জেনারেশন অব সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে পৌর শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

পজিটিভ জেনারেশন অব সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আফজাল হোসেন মঞ্জুর সভাপতিত্বে ও পজিটিভ জেনারেশন অব সোসাইটি বাংলাদেশ সিলেট অঞ্চলের সমন্বয়ক ঝর্ণা চৌধুরীর সঞ্চালনায় এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমদ সোহাগ, স্বপন, রাব্বি, হাসান, মোশাহিদ, নাদির, বিজয়, আব্দুস ছাত্তার, মারুফা বেগম প্রমুখ। বক্তারা বলেন, সম্প্রতি দেশে যেভাবে নারী ও শিশু নির্যাতন বেড়েছে তা খুবই উদ্বেগজনক। বিভিন্ন সময় ধর্ষণকারীরা রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় অপকর্ম করে পাড় পেয়ে যায়। অবিলম্বে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে সংসদে আইন পাশ করে ধর্ষণকারীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান বক্তারা।