বিপন্ন প্রজাতির কাছিম উদ্ধার

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২১:১০

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

কমলগঞ্জে বিপন্ন প্রজাতির ‘সন্ধি কাছিম’ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা এলাকায় জনৈক নির্মল সিংহ বন্যার পানিতে ভেসে আসা কচ্ছপটি দেখে আটকিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। পরে বন্যপ্রাণী বিভাগের সহায়তায় রাত ১২টায় এটি উদ্ধার করা হয়। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সামাজিক সংগঠন ‘মিতা ফাউন্ডেশন’ কচ্ছপটি উদ্ধারে বন্যপ্রাণী বিভাগের সহায়তা কামনা করে। পরে বন্যপ্রাণী বিভাগের তত্পরতায় সন্ধি কচ্ছপটি উদ্ধার করে বন্যপ্রাণী অফিসে রাখা হয়।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, মিতা ফাউন্ডেশনের কাছ থেকে একটি সন্ধি কাছিম (কচ্ছপ) আটকের খবর জানার পরপরই আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে সেটিকে উদ্ধার করি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে কাছিমটিকে দ্রুত অবমুক্ত করা হবে। একসময় এটি দেশের জলাশয়গুলোতে প্রচুর দেখা গেলেও বর্তমানে বিলুপ্তির পথে। ক্রমাগত শিকারের কারণে এটি প্রকৃতি থেকে হারিয়ে যেতে বসেছে।