স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ঢাকা ওয়াসার মহাব্যবস্থাপক ফজলুর রহমান বলেছেন, পানি সরবরাহে এখনও সেবা গ্রহীতা ও সেবা প্রদানকারীর মধ্যে যে দূরত্ব রয়েছে তা নিরসন করতে হবে। পানি ব্যবস্থাপনায় শুদ্ধাচার নিশ্চিতে সরকারের পাশাপাশি নাগরিক সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে ।
বুধবার (২২ শে জানুয়ারি) ডিপিএইচই ভবনের অডিটেরিয়ামে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ আয়োজিত একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন এনজিও ফোরামের নির্বাহী পরিচালক এস এম এ রশীদ।অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ ও পলিসি সাপোর্ট ব্রাঞ্চের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার এবং উইন এর প্রোগ্রাম লিড ড. ম্যারি গ্যালভিন প্রমুখ।
এনজিও ফোরামের নির্বাহী পরিচালক এস এম এ রশীদ স্বাগত বক্তব্যে বলেন, এনজিও ফোরাম এরই মধ্যে ৩টি ওয়াসার (চট্টগ্রাম, খুলনা রাজশাহী) সাথে কাজ শেষ করে বর্তমানে রংপুর সিটি কর্পোরেশনের সাথে কাজ করছে । আমাদের বিভিন্ন কার্যকর শাখার মধ্যে যে কাজগুলো রয়েছে তাকে আরো ফলপ্রসু করতে হবে এবং জনবান্ধব সেবা প্রদান করতে হবে যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অভিযোগ প্রতিকারের ব্যবস্থা থাকবে।
ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক জার্মানির প্রোগ্রাম লিড ড. ম্যারি গ্যালভিন তার প্রবন্ধ উপস্থাপনায় বলেন, যেসব তহবিল সরবরাহ করা হয় তার ২৬ শতাংশ অপচয় হয় দুর্নীতি, অস্বচ্ছতা এবং ঝুঁকি ব্যবস্থাপনা খাতে। দুর্নীতির কারণে পুরো প্রকল্প ব্যর্থতায় পর্যবসিত হয়।
এ সেমিনারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পলিসি সাপোর্ট ব্রাঞ্চের যুগ্মসচিব সাইফুল ইসলাম মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমাদের রেগুলেটরি মেকানিজম রয়েছে তবে তা ফ্রেমওয়ার্কের অধীনে আনতে হবে। তিনি পানি সরবরাহে বর্তমান পরিস্থিতির উন্নয়নে সব পক্ষের মধ্যে সমন্বয় জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।
