ডাক্তারশূন্য উপ-স্বাস্থ্যকেন্দ্র, চিকিৎসা দিচ্ছেন অফিস সহায়ক

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০২:৪২

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রে নেই কোনো ডাক্তার, একজন অফিস সহায়কই রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। উপ-স্বাস্থ্যকেন্দ্রটিতে কাগজে কলমে একজন মেডিক্যাল অফিসার, একজন উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, একজন মিডউইফেরি নার্স, একজন ফার্মাসিস্ট ও একজন অফিস সহায়ক থাকার কথা থাকলেও বাস্তবে সেখানে শুধু একজন অফিস সহায়কই রয়েছেন—যার মাধ্যমে নামকাওয়াস্তে চলছে ‘চিকিৎসাসেবা’। বাইশারী উপ-স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে সেখানে দেখা মেলেনি সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারেরও।

জানা গেছে, উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন ১০০ থেকে দেড়শ মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন কিন্তু ডাক্তার না থাকার কারণে সেবা নিতে তাদের ছুটতে হয় গ্রাম থেকে উপজেলা বা জেলা হাসপাতালে। স্থানীয়দের অভিযোগ, উপ-স্বাস্থ্যকেন্দ্রে একজন মেডিক্যাল অফিসারের পদায়ন থাকলেও সেখানে যান না চিকিৎসক। সহকারী মেডিক্যাল অফিসারের পদায়ন থাকলেও নানা অজুহাতে সেখানে যান না অনেকে। একমাস আগে অস্থায়ীভাবে আরিফা বেগম নামে একজন উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার নিয়োগ করা হলেও তিনি খুবই অনিয়মিত।

হাজেরা খাতুন নামে এক রোগীর স্বজন বলেন, আমরা এর আগে এখানে একজন বড় ডাক্তার দেখেছি। তিনি মাঝেমধ্যে এসে আমাদের সেবা দিতেন। দীর্ঘদিন আগে তিনি চলে গেছেন। এরপর আর কাউকে তো দেখি না।

খালেদা আক্তার (৭৮) নামে এক রোগী বলেন, উপ-স্বাস্থ্যকেন্দ্রে আসলে শুধু জ্বর আর ঠান্ডার ওষুধ পাই। এত বড় হাসপাতাল করেছে সরকার। শুনেছি এখানে বড় ডাক্তারের নিয়োগও আছে কিন্তু তাকে তো পাই না। আমরা চাই এখানে একজন মেডিক্যাল অফিসার নিয়োগ দেওয়া হোক যিনি নিয়মিত আমাদের সেবা দেবেন।

বান্দরবান জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম ডাক্তার সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, খুব শিগগিরই বাইশারী ইউনিয়নের উপ-স্বাস্থ্য চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

বিষয়টি নিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল মঞ্জুরের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বান্দরবান সিভিল সার্জন দিলীপ কুমার দেবনাথ বলেন, খুব শিগগিরই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ডাক্তার সংকট নিরসনে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এনএন