বস্তার ভেতর থেকে উদ্ধার করলেন কর্মকর্তারা
চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ এলাকায় পাহাড় থেকে ঘনবসতিপূর্ণ এলাকায় চলে আসা একটি মায়াহরিণ আটক হয়েছে। স্থানীয় জনসাধারণের হাতে মায়াহরিণ আটক হওয়ার খবর পেয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেটিকে উদ্ধার করেন।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক আজাদুর রহমান মল্লিক ইত্তেফাককে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মায়া হরিণটিকে উদ্ধার করি। দেরি হলে হয়তো সেটিকে দুর্বৃত্তরা নিয়ে যেত। হরিণটিকে নিয়ম অনুযায়ী বন বিভাগের বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকালে নগরীর আকবর শাহ মোড় থেকে মায়াহরিণটি উদ্ধার করা হয়েছে। গত সোমবার দিবাগত গভীর রাতে দিক হারিয়ে হরিণটি ফয়’স লেকের উত্তর দিকের পাহাড়ের নিচে একটি বাসায় ঢুকে পড়ে। ঐ বাসার লোকজনসহ স্থানীয়রা সেটিকে আটকাতে গেলে হরিণটি আহত হয় এবং শিংয়ের কাছে জখমের সৃষ্টি হয়। লোকেরা হরিণটিকে বস্তায় ভরে রাখে। সেটিকে উদ্ধার করে চট্টগ্রাম চিড়িয়াখানায় নিয়ে গেলে সেখানকার চিকিত্সকরা হরিণটিকে চিকিত্সা দেন।
নগরীর পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রাণী বিশেষজ্ঞরা হরিণটিকে যথযথভাবে জঙ্গলে ছেড়ে দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চট্টগ্রামের পাহাড়-বনাঞ্চল নির্বিচারে ধ্বংস করে জনবসতি গড়ে তোলার কারণে মায়া হরিণ, বানর, হাতিসহ নানা ধরনের বন্যপ্রাণীর অস্তিত্ব এখন বিপন্ন। ফলে এসব বন্যপ্রাণিদের অনেকগুলোই কাঙ্ক্ষিত অরণ্যের অভাবে দিগভ্রান্ত হয়ে প্রায়শই লোকালয়ে চলে আসছে। মানুষের আক্রমণে প্রাণও হারাচ্ছে। এদিকে বন বিভাগের একটি সূত্র জানায়, উদ্ধার করা মায়া হরিণটিকে চকরিয়ার ডুলাহাজরা সাফারি পার্কে ছেড়ে দেয়া হবে।
