স্টাফ রিপোর্টার, রাজশাহী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী রাজশাহীতে চামড়া শিল্পপার্ক গড়ে তোলার লক্ষ্যে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে সোমবার বৈঠক করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
মন্ত্রীর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজশাহীতে চামড়া শিল্পপার্ক গড়ে তোলার কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এদিকে শিল্পমন্ত্রীর পরামর্শক্রমে চামড়া শিল্পপার্ক গড়ে তোলার কাজ এগিয়ে নিতে মঙ্গলবার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ভবনে বিসিক চেয়ারম্যান মো. মোশ্তাক হাসানের সঙ্গে বৈঠক করেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন। এ সময় বিসিকের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আবদুল মান্নানসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
