মির্জাপুর পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২১:২১

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুর পৌরসভা দ্বিতীয় থেকে প্রথম শ্রেণিতে উন্নীত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর শাখা-২ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ফারজানা মান্নান মির্জাপুর পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছেন। মির্জাপুর পৌরসভার মেয়র ও সাবেক ভিপি মো. সাহাদত্ হোসেন সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। 

২০০০ সালে মির্জাপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

এ দিকে, মির্জাপুর পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হওয়ায় সাবেক এমপি ও টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান খান ফারুক, সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুসহ অন্য মেয়ররা মো. সাহাদত্ হোসেন সুমনকে অভিনন্দন জানিয়েছেন।