৬ বছর পূর্তিতে শিক্ষকদের বিশেষ সম্মাননা দিয়েছে জনপ্রিয় এডটেক প্ল্যাটফর্ম ইন্সট্রাক্টরি।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানী ঢাকার আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রায় তিন শতাধিক শিক্ষককে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে প্রতিষ্ঠানটি। ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে গোল্ড মেম্বারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি দেশের স্কিল ডেভেলপমেন্ট খাতে অসামান্য অবদান রাখা সেরা শিক্ষকদেরকে বিশেষ সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, ইন্সট্রাক্টরির প্রতিষ্ঠাতা রিফাত এম হক, সহ-প্রতিষ্ঠাতা হোসনা আরা কলি, আইএকাডেমির সিএসও ইশতিয়াক হক, ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সাইন্স অ্যান্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা এবং পরিচালক মোহাম্মাদ আলি, অধ্যক্ষ অবসরপ্রাপ্ত কমোডোর এম আনওয়ারুল হক, সুপ্রিওএক্স-এর প্রতিষ্ঠাতা আতিকুর রহমান, বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু, স্বাস্থ্য উদ্যোক্তা ও ম্যানেজিং পার্টনার, রেজুভা ওয়েলনেস-এর ম্যানেজিং পার্টনার ডা. বোরহানউদ্দিন আহমেদ সাদিকসহ অনেকে। এদিন সন্ধ্যায় ইন্সট্রাক্টরি'র শিক্ষক ও শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয়।
তরুণ উদ্যোক্তা এবং ইন্সট্রাক্টরির প্রতিষ্ঠাতা রিফাত এম হক বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। আমরা চাই, দেশের তরুণ-তরুণীরা তাদের সময়কে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধি করবে। আমাদের লক্ষ্য ‘ইন্সট্রাক্টরি - মেড ইন বাংলাদেশ’ ধারণার ওপর ভিত্তি করে দক্ষ মানবসম্পদ তৈরি করা।
উল্লেখ্য, ২০১৭ সালে আত্মনির্ভরশীল এবং দক্ষ বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় দেশীয় এডটেক প্ল্যাটফর্ম এবং অনলাইন টিচিং মার্কেটপ্লেস ইন্সট্রাক্টরি। এই প্ল্যাটফর্মে দেশের শীর্ষ ফ্রিল্যান্সার এবং প্রফেশনাল শিক্ষকদের মাধ্যমে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স অনলাইনে শেখানো হয়।
