গাজীপুর জেলার শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। বিচিত্র প্রাণী এবং প্রাকৃতিক সৌন্দর্য দর্শনে প্রতিদিন দেশের দূর-দূরান্ত থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পার্কে আসেন। ডিজিটাল যুগে বেশিরভাগ ভ্রমণ গাইড হিসেবে অনলাইন/সংশ্লিষ্ট ওয়েবসাইটের সাহায্য নিয়ে থাকেন। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, বাংলাদেশ বন অধিদপ্তরের অধীন সাফারি পার্কের ওয়েবসাইটে (www.safariparkgazipur.info.bd) কোর সাফারি প্রবেশ/পরিদর্শন ফি ছাত্রছাত্রীদের জন্য ৫০ টাকা উল্লেখ থাকলেও মূল পার্কে ১০০ টাকা নেওয়া হচ্ছে। ফলে শিক্ষার্থীদের প্রবেশ ফি নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এ অবস্থায়, শিক্ষার্থীদের পরিদর্শন সুগম করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মমিন সরকার, শিক্ষার্থী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা
