জবির লাইব্রেরিতে পত্রিকা সরবরাহের ঘোষণা ছাত্রদলের

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৯:৪০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শনে গিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ সময় শিক্ষার্থীর জন্য লাইব্রেরিতে বুক শেলফ ও পত্রিকা দেওয়ার ঘোষণা দেন শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব মো. সামসুল আরেফিন।

সোমবার (২৭জানুয়ারি) দুপুরে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সচিবসহ অন্যান্য নেতাকর্মীরা লাইব্রেরি পরিদর্শনে যান। যেখানে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন এবং  বিভিন্ন দাবির কথা শুনেন। 

পরিদর্শনের সময় লাইব্রেরিতে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যার কথা ছাত্রদলের নবগঠিত কমিটির কাছে জানান। তার পরিপ্রেক্ষিতে শাখা ছাত্রদলের অর্থায়নে ওই লাইব্রেরিতে প্রতিদিন তিনটি জাতীয় পত্রিকা দেওয়ার ব্যবস্থা করা হয়। 

তাছাড়া ছাত্রদলের পক্ষ থেকে বই রাখার জন্য বুক শেলফ দেওয়ার ঘোষণা করা হয়। তাছাড়াও পরবর্তীতে পত্রিকা কেন্দ্রীয় লাইব্রেরি ও উন্মুক্ত লাইব্রেরিতে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী দেওয়া দেওয়া হবে বলে জানান শাখা ছাত্রদলের শীর্ষ দুই নেতা। 

শিক্ষার্থীরা লাইব্রেরি সম্প্রসারণের দাবি জানান। তারা বলেন, লাইব্রেরির স্থানে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ সম্প্রসারণ করায় লাইব্রেরি ছোট হয়েছে, যেটা শিক্ষার্থীদের জন্য অসুবিধা।

এছাড়া শিক্ষার্থীদের অন্যান্য দাবি দাওয়ার মধ্যে লাইব্রেরিতে ইন্টারনেটের গতি বৃদ্ধি, পর্যাপ্ত ফ্যান ও লাইটের সরবরাহ, নামাজের স্থানে কার্পেট লাগানো। লাইব্রেরিতে এসি স্থাপন, ওয়াশ রুমের সংকট দূর করাসহ টিস্যু সাবান সরবরাহ, শুক্র-শনিবার লাইব্রেরি খোলা রাখার দাবি জানায়।

ইত্তেফাক/এপি