বাবার সামনে ছুরিকাঘাতে হৃদয়কে হত্যার অভিযোগ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৮:১৯

বগুড়ায় বন্ধুদের ছুরিকাঘাতে হৃদয় আকন্দ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় একই এলাকার বাবু মিয়া আকন্দের ছেলে। হৃদয় চুরি, ছিনতাই ও মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন বলেন জানা গেছে। 

হৃদয়ের বাবা বাবু মিয়া জানান, সকালে হৃদয় কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির সামনের সরিষা ক্ষেতে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে তারা তর্কে জড়িয়ে ধস্তাধস্তি শুরু করেন। এ সময় হৃদয়ের সঙ্গে থাকা বন্ধুরাই তাকে উপর্যুপরি ছুরিকাঘাতে করে পালিয়ে যান।

তিনি আরও বলেন, চোখের সামনে ছেলেকে ওরা ছুরিকাঘাতে হত্যা করেছেন। বার বার প্রাণভিক্ষা চেয়েও পাইনি।

বগুড়া ফুলবাড়ী ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আলমাস আলী সরকার জানান, আহত অবস্থায় হৃদয়কে প্রথমে টিএমএসএস হাসপাতালে নেওয়া হয়। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

 

ইত্তেফাক/এসএএস