বিশেষ প্রতিনিধি
দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় এবং আলোচনা সভা, স্মৃতিচারণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় গতকাল মঙ্গলবার গণতন্ত্র অবরুদ্ধ দিবস পালিত হয়েছে। ২০০৭ সালের ১৬ জুলাই ভোরে সেনা-সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর ধানমন্ডির সূধা সদনের বাসভবন থেকে গ্রেফতার করা হয়। আটকের এক বছরেরও বেশি সময় পর স্থায়ীভাবে মুক্তি পান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগ এই দিনটিকে গণতন্ত্র অবরুদ্ধ দিবস হিসেবে পালন করে আসছে।
দিবসটি পালনে গতকাল দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য কামরুল ইসলাম এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
