কাউখালীর সন্ধ্যা নদীতে ফেরি পুনঃস্থাপনে শোকরানা মোনাজাত

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২১:৩৪

  কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

কাউখালী উপজেলার সন্ধ্যা নদীর সোনাকুরে ফেরি পুনঃস্থাপনের খবরে কাউখালী উপজেলা পরিষদ মসজিদে ও সোনাকুর জামে মসজিদে দোয়া ও শোকরানা মোনাজাত করা হয়। ফেরি পুনঃস্থাপনের অনুমোদন দেওয়ায় উপজেলাবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রকৌশলী, কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দোয়া ও শোকরানা মোনাজাতে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

শোকরানা মোনাজাতে কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-ইউপি সদস্যবৃন্দ, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জেপি’র নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও উপস্থিত মুসল্লিগণ অংশগ্রহণ করেন।

এর আগে গতকাল মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব শিশির কুমার রায়ের সভাপতিত্বে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাশের আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর এবং পূর্ব আমরাজুড়ি পয়েন্টে ফেরি পুনঃস্থাপনের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়।

পিরোজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন জানান, ফেরিঘাটটি ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে তত্কালীন যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র চেষ্টায় স্থাপন করা হয়। ২০০১ সালের পর তত্কালীন সরকার ফেরিটি বন্ধ করে অন্যত্র সরিয়ে নেয়। এতে উক্ত এলাকার জনসাধারণকে দৈনন্দিন কাজে প্রমত্তা সন্ধ্যা নদী পার হয়ে উপজেলা সদরে আসতে চরম দুর্ভোগ পোহাতে হয় এবং প্রায়ই জানমালের ক্ষতিসহ নানা বিড়ম্বনার শিকার হতে হয়।