স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ জয়ের দুই দিন পেরিয়ে গেলেও এখনো ইংল্যান্ডের আনন্দে এক বিন্দুও ভাটা পড়েনি। বিভিন্ন স্থানে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের ছবিসহ আরো বিভিন্ন বিলবোর্ড, ডিজিটাল বিলবোর্ড, টি-শার্টে বিশ্বকাপ হাতে খেলোয়াড়ের ছবি। বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা পথেঘাটে বড়ো স্ক্রিনে এখনো চলছে ফাইনাল ম্যাচের সুপার ওভারের ভিডিও।
সোমবার লন্ডানের ওভাল স্টেডিয়ামে সমর্থকদের সামনে ট্রফি নিয়ে উত্সব করে ইংলিশরা। অধিনায়ক মরগ্যান ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘মাঠে এসে দলকে উত্সাহী করার জন্য সকলকে ধন্যবাদ। আপনাদের মনের আশা পূরণ করতে পেরে আমরা গর্বিত।’
গেল চার বছর এই দিনটির জন্য পরিশ্রমের কোনো কমতি রাখেনি ইংল্যান্ড। অনেক স্বপ্ন দেখেছে বিশ্বকাপ নিয়ে। সেই স্বপ্ন পূর্ণ হওয়ায় গর্বিত জো রুট। তিনি বলেন, ‘শিরোপা জয় ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম, সেরা ও অবিস্মরণীয় দিন। এই দিনটির জন্য আমরা চার বছর অপেক্ষা করেছি। অবশেষে আমাদের আশা পূরণ হয়েছে।
এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের আমন্ত্রণে তার বাসভবন লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে বিশ্বকাপ ট্রফি নিয়ে যান ইংলিশ ক্রিকেটাররা। ফুল দিয়ে ক্রিকেটারদের বরণ করে নেন স্বয়ং প্রধানমন্ত্রী। পরে চা-পর্ব শেষে বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের নিয়ে ছবি তুলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ফাইনালে অসাধরণ পারফরমেন্স করেছে পুরো ইংল্যান্ড দল। বিশ্বচ্যাম্পিয়ন হতে যা করা দরকার তাই করেছে তারা। বিচার-বুদ্ধি এবং সাহস দেখিয়েছে মরগানরা। ঘরের মাটিতে ইংল্যান্ড ক্রিকেট দলের এমন অর্জন ইতিহাসে অমর হয়ে থাকবে।’
