চলতি বছরে পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ৩০ দিনের মতো বাকি। মুসলিম বিশ্বে সবচেয়ে পবিত্র এই মাসকে স্বাগত জানাতে ইতোমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছেন মুসলমানরা।
হিজরি ক্যালেন্ডারের অনুযায়ী, শাবানের পরেই আসে রমজান মাস। সম্প্রতি ২০২৫ সালে রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।
সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ রমজান শুরু হতে পারে। দেশটির দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ রোজা শুরু হতে পারে যদি চাঁদ দেখা যায়।
সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২৯ জানুয়ারি হিজরি সনের রজব মাসের ২৯তম দিন। কিন্তু এদিন সূর্যাস্তের সময় বা আগে চাঁদ অস্ত যাবে। ফলে এ দিন ইসলামিক বিশ্বে শাবানের চাঁদ দেখা অসম্ভব হবে। এতে, এসব দেশে রজব মাসটি ৩০দিন পূর্ণ করবে এবং ৩১ জানুয়ারি হবে শাবানের প্রথম দিন।
আরব আমিরাতের রোজা শুরুর একদিন পর থেকে সাধারণত বাংলাদেশে রোজা শুরু হয়। এর মানে, ১ মার্চ থেকে আরব আমিরাতে রোজা শুরু হলে বাংলাদেশে রোজা শুরু হবে ২ মার্চ।
২০২৫ সালে ঈদুল ফিতরের তারিখও চাঁদ দেখার ওপর নির্ভর করবে। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হওয়ার পর বাংলাদেশেও তার অনুসরণ করা হয়, তাই বাংলাদেশের মুসলমানরা সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর রমজান মাস শুরু করে থাকেন।
