মরিনহো জার্মানিতে?

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২১:৪০

স্পোর্টস ডেস্ক

কোচ হোসে মরিনহো এবার জার্মান লিগে যাওয়ার ইঙ্গিত দিলেন। সমপ্রতি ইতালীয় ক্রীড়াদৈনিক গ্যাজেত্তা দেল্লো স্পোর্তকে নিজের জার্মান ভাষা শেখার ব্যাপারটি জানান তিনি। শুধু তাই নয় জার্মানির কোনো ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জনকেও উড়িয়ে দেননি সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।

পর্তুগালের পোর্তোকে দিয়ে কোচিং জীবন শুরু করেছিলেন ৫৬ বছর বয়সি মরিনহো। এরপর একে একে ইংলিশ দল চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড, ইতালীয় ইন্টার মিলান ও স্প্যানিশ দল রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এবার তার ক্যারিয়ারে যুক্ত হতে পারে জার্মান কোনো দলের নামও!

মরিনহো সমপ্রতি ইতালির পত্রিকাটিকে বলেন, ‘এই মুহূর্তে আমি জার্মান ভাষায় শিখছি। বুন্দেলসিগার জন্য? আমি ভাষাটা শিখছি কেন না আমি এটা শিখতে পারিনি এতদিন। আমি ইংরেজী, স্প্যানিশ, পর্তুগীজ, ফরাসি ও ইতালীয় ভাষায় কথা বলতে পারি এখন।’

বুন্দেসলিগার কোনো দলে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন না মরিনহো। তিনি বলেন, ‘আমি কিছুই উড়িয়ে দিচ্ছি না। জার্মানিকেও না।’

গেল ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে বরখাস্ত হবার পর এতদিন বেইন স্পোর্টসের ফুটবল বিশ্লেষক হিসেবে কাজ করেছেন মরিনহো। কোচিংয়ে ফেরার জন্য মরিয়া হলেও মরিনহো জানালেন সঠিক ক্লাবের জন্য অপেক্ষা করবেন তিনি।

গেল সপ্তাহে স্কাই স্পোর্টসকে তিনি বলেন, ‘আমি ক্ষুধার্ত, কিন্তু আমি সঠিক ক্লাব ও সঠিক প্রকল্পের জন্য ধৈর্য ধরবো। আর তার আগ পর্যন্ত আমি আমার পছন্দের কাজগুলোই করব। আমি কাজ করতে চাই কিন্তু আমি অন্য খেলাও পছন্দ করি এবং এটা উপভোগ করার দারুণ সুযোগ।’