মাটি ও পাথর মেশানো ৪০০ টন সার আটক

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২১:৪৯

মহানগরীর পতেঙ্গা এলাকায় দুটি গুদামে অভিযান চালিয়ে ৪০০ টন ভেজাল সার জব্দ করেছে  জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

র্যাব-৭ এর সদস্যসহ সোমবার দিবাগত গভীর রাতে পতেঙ্গা থানাধীন টিএসপি গেটের খালপাড় হাদিপাড়া এলাকায় মেসার্স সিদ্দিক এন্টারপ্রাইজ ও মেসার্স রায়হান অ্যান্ড ব্রাদার্সের গুদামে এই অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান অভিযান পরিচালনা করেন।

অভিযানে সিদ্দিক এন্টারপ্রাইজের মালিক ওসমান গণি রিপনকে আটক করে এক বছরের কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করে  আদালত। এ সময় তার ভাই ও রায়হান ব্রাদার্সের মালিক ওমর ফারুক খোকন পালিয়ে যান বলে আদালত সূত্র জানায়।    ভ্রাম্যমাণ আদালত সূত্র আরো জানায়, প্রতিষ্ঠান  দুটি সার পরিবহনকারী ঠিকাদার। তারা পতেঙ্গার টিএসপি সার কারখানা থেকে সার সংগ্রহ করে তার সঙ্গে মাটি ও পাথর মিশিয়ে প্যাকেটজাত করে আসছিল। প্রতি ৫০ কেজির বস্তার সঙ্গে ১০০ কেজি মাটি ও পাথর মিশিয়ে দেড়শ কেজি ভেজাল সার বানাত তারা। তারপর গোডাউনে নকল টিএসপির প্যাকেটে সংরক্ষণ করা হতো। তিন বছর আগে একই অপরাধে ওসমান গণিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছিল ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসন সূত্র জানায়, চট্টগ্রামে ৭৬ জন ঠিকাদার সার পরিবহন কাজের সঙ্গে যুক্ত, যাদের অনেকের বিরুদ্ধেই সারের সঙ্গে ভেজাল মিশ্রণের অভিযোগ রয়েছে। যে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে, তারা সারাদেশে প্রায় ৫০০ ডিলারকে টিএসপি সার সরবরাহ করে থাকে।