মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইসমাইল মোল্লার গুলিতে ওবায়দুল ইসলাম (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছে। ঢাকা তেজগাঁও থানার ২৬ নং ওয়ার্ড কমিশনার শামিম মোল্লার ভাতিজা ইসমাইল। সোমবার রাতে সিরাজদিখানের ইছাপুরা ইউনিয়নের মধ্য শিয়ালদী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ইসমাইল মোল্লার স্ত্রী বেবী আক্তারকে আটক করেছে। ঘটনার পর থেকেই ইসমাইল পলাতক রয়েছে। ওবায়দুল কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার বজ্রাদিয়ারখাতা গ্রামের প্রয়াত মুনসার আলীর ছেলে।
জানা যায়, ওবায়দুল প্রায় ৬ মাস ধরে ওয়ার্ড কমিশনার শামীম মোল্লার নিজ গ্রামের বাড়ি সিরাজদিখানের শিয়ালদীতে ইমারত নির্মাণ কাজ করে আসছেন। ঘটনার সময় ওয়ার্ড কমিশনার শামীম মোল্লা তার বাড়িতেই ছিলেন বলে পুলিশ জানায়। ওসি ফরিদউদ্দিন জানান, ইসমাইল মোল্লার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সূত্র জানায়, গুলিটি বের হয় কমিশনার শামীম মোল্লার লাইসেন্সকৃত পিস্তল থেকে। অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ইসমাইলকে আটক ও পিস্তল উদ্ধারের চেষ্টা চলছে।
