গো-হত্যার গুজবে উত্তপ্ত উত্তরপ্রদেশ, বিক্ষোভে এক পুলিশসহ নিহত ২

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ০০:৩৫

গো-হত্যার গুজবে গতকাল সোমবার উত্তপ্ত হয়ে ওঠে ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলা। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মকর্তাসহ দু’জনের। গুরুতর আহত হয়েছে আরো দুই পুলিশ সদস্য। পুলিশ জানায়, সোমবার বুলন্দশহরের স্যানা মহকুমা এলাকায় মাহু গ্রামের বাইরে জঙ্গল লাগোয়া একটি মাঠে প্রায় ২৫টি গরুর মাংস পড়ে থাকতে দেখা যায় বলে গুজব রটে। গো-হত্যার প্রতিবাদে সকালে ওই এলাকায় বিক্ষোভ শুরু হয়। ট্র্যাক্টর ও ট্রলি ভরে ওই মাংস নিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায় এলাকার প্রায় ৪শ’ জন। খবর পেয়ে অবরোধ সরাতে সেখানে পৌঁছায় পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত হন ইনস্পেক্টর সুবোধ কুমার সিংহ। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। - আনন্দবাজার পত্রিকা