নিষেধাজ্ঞা ও ফিক্সিং ইস্যুতে যা জানালেন বিজয়

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৮

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের খেলা। কিন্তু  চলমান এ আসরেই অন্তত আট ম্যাচে কিছু প্লেয়ারদের পারফরম্যান্সে সন্দেহজনক আচরণের অভিযোগ উঠেছে। এমন সন্দেহে নজরদারিতে আছে ভিন্ন চারটি ফ্র্যাঞ্চাইজির ১০ ক্রিকেটার।

যাদের মধ্যে আছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা এনামুল হক বিজয়। বিভিন্ন গণমাধ্যম সুত্রে এমনটাই জানা গেছে। এই আলোচনার মাঝেই তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। সবমিলিয়ে বিপিএলের এবারের আসরের অন্যতম সর্বোচ্চ এই রান সংগ্রাহক ব্যাটসম্যানের জন্য সময়টা মোটেই ভাল যাচ্ছে না।

এমন প্রেক্ষাপটে ফিক্সিং ও নিষেধাজ্ঞার বিষয়ে বিজয়ের মন্তব্য কী? এমন প্রশ্ন শুনে বেশ হতাশার কথায় শোনা গেল তার কণ্ঠে। জাতীয় ক্রিকেট দলের এই ওপেনার বলেন, 'আসলে কি বলবো, আমি এটা (দেশত্যাগে নিষেধাজ্ঞা) জানি না পুরোপুরি। নিউজটা দেখছি শুধু আর কি।'

এক গণমাধ্যমের বরাতে ফিক্সিং ইস্যুতেও তার নাম এসেছে। এ বিষয়ে বিজয় বলেন, 'বিসিবি তো এগুলো দেখছে, তারাই আমাদের অভিভাবক। এখন কেউ না জেনে না শুনে হুট করে একটা কথা বলে ফেলছে, খুবই কষ্টদায়ক আসলে। হ্যাঁ, বিসিবিকে জানিয়েছি আর বিসিবি আসলে কোনদিন কাউকে জানায়নি। উনারা কোথা থেকে নিউজগুলো পেয়েছে, বিসিবিও অবাক হয়েছে আসলে।'

এদিকে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ফিক্সিং ইস্যুতে বলেছেন, তদন্ত এখনও চলমান থাকায় আমাদের কিছু প্রটোকল মেনে চলতে হয়। সে জন্য আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে পারবো না। তবে পুরো তালিকা ও যেসব ম্যাচ নিয়ে অভিযোগ উঠেছে, সেসব আমাদের নজরে আছে। এসব নিয়ে তদন্ত হচ্ছে।

কঠিন শাস্তির হুমকি দিয়ে তিনি আরও বলেন, তদন্তে যদি কোনো কিছু (প্রমাণ) বেরিয়ে আসে, এরপর যে কঠিন শাস্তি দেওয়া হবে, সেটা সবাই জানেন। আমি যদি সেরকম কিছু পাই, তাদের জীবন কঠিন করে তুলব, আমি কারও অপরাধের ছাড় দেবো না। সিদ্ধান্ত একটাই আসবে এবং সেটি সবার জন্যই প্রযোজ্য হবে। সেটি হবে দৃষ্টান্তমূলক।

ইত্তেফাক/এএম