পাবনার ঈশ্বরদীতে দেখা গেছে বিরল প্রজাতির ২টি মুখপোড়া হনুমান। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কর্মকারপাড়া-নূরমহল্লা এলাকায় বিভিন্ন বাসাবাড়ির ছাদে তাদের দেখা যায়।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরের দিকে কর্মকারপাড়া এলাকায় হনুমানগুলো দেখে স্থানীয়রা। এরপর এলাকাবাসি কৌতূহলী হয়ে ভিড় করলে হনুমানগুলো এক বাড়ি থেকে আর এক বাড়ির উঁচু ছাদে আশ্রয় নিচ্ছে। তাদের দেখে কেউ কেউ বিস্কুট, পাউরুটি খেতে দিচ্ছে। তবে কিভাবে এই প্রাণীগুলো এখানে এসেছে তা কেউ বলতে পারেনি।
তবে বন বিভাগ ধারণা করছে, কোনোভাবে দল থেকে বিচ্ছিন্ন হয়ে ভারতীয় মালবাহী ট্রেনে হনুমান দুটি ভারত থেকে এ অঞ্চলে এসেছে। এদিকে হনুমান দেখতে শিশুসহ নানা বয়সের লোকজন ভিড় করছেন।
নান্টু নামে এক স্থানীয় বাসিন্দাও বলেন, সম্প্রতি ভারত থেকে পণ্যবাহী ওয়াগণের ( ট্রেনে) সঙ্গে এই হনুমান দুটি এখানে এসে থাকতে পারে। এর আগেও এমনটি এখানে কয়েকবার হয়েছিল।
সজিব কর্মকার নামে আরেকজন বলেন, মুখপোড়া হনুমান মূলত বৃক্ষচারী শান্তিপ্রিয় প্রাণী। তারা গাছ থেকে খাবার সংগ্রহ করে ও গাছেই ঘুমায়। মূলত গাছের পাতা এদের প্রধান খাদ্য।
