চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ গ্রামে ১০ একর জমির ওপর প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে স্থাপিত হয়েছে একটি অত্যাধুনিক, স্বয়ংক্রিয় কৃষি যন্ত্র ও যন্ত্রাংশ উত্পাদনকারী কারখানা। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) কারিগরি সহায়তায় বাংলামার্ক লিমিটেডের স্থাপিত এ কারখানাটি বার্ষিক ৫০০ যন্ত্র উত্পাদনের লক্ষ্য নিয়ে গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
উদ্যোক্তারা জানান, এ কারখানায় আন্তর্জাতিক মানের ৩০ ধরনের কৃষি যন্ত্র ও প্রায় ২০০ যন্ত্রাংশ উত্পাদন ও সংযোজন করা হবে। এমনকি বিদেশি যন্ত্রাংশের তুলনায় দাম কম হবে কমপক্ষে ৩০ শতাংশ। কারখানাটি ইতিমধ্যে ব্রি মডেলের থ্রেসার, উইডার, উইনোয়ার ও চপার মেশিন তৈরি করেছে। এছাড়া ব্রি গ্রেইন কালেক্টর আপগ্রেড করেছে, যা চাতাল থেকে শুকানো ধান সংগ্রহ বস্তায় ভরার কাজে ব্যবহূত হবে। উত্পাদন করা হবে কম্বাইন হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, ট্র্যাক্টরসহ বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি। তাছাড়া কারখানায় সহস্রাধিক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, ফলে স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়ন হবে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, স্থানীয়ভাবে কৃষি যন্ত্র উত্পাদনের ফলে আমাদের দেশের কৃষি খাতে একটি অভূতপূর্ব জাগরণ সৃষ্টি হবে।
বাংলামার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, যন্ত্র ব্যবহার করতে গিয়ে নষ্ট হলে আমরাই সরাসরি কৃষকের কাছে যাব। মেকানিকরা প্রয়োজনে হাওর এলাকায় রাতযাপন করে মেশিন ঠিক করবে।
কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্রি-এর প্রাক্তন মহাপরিচালক ড. মো. আব্দুল বাকী, এসএফএমআরএ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. এ কে এম সাইফুল ইসলাম, এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোফাজ্জল হোসেন, পিএসও ড. মো. গোলাম কিবরিয়া ভূঞা প্রমুখ।
