বুড়িগঙ্গার তীরে ৪৪ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ০০:০৭

সরকারের নির্দেশে বুড়িগঙ্গা নদীসহ ঢাকার চারপাশের নদীগুলো অবৈধ দখলমুক্ত করতে মঙ্গলবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ ও পোস্তগোলা ব্রিজ এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান চালানো হয়। চতুর্থ ধাপে ৪৪তম কার্যদিবসে পোস্তগোলা ব্রিজ থেকে কেরানীগঞ্জের দোলেশ্বর খেয়াঘাট পর্যন্ত একটি সাত তলা ভবনসহ বুড়িগঙ্গা নদীর উত্তর প্রান্তে ৪৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং তিন একর সরকারি জমি উদ্ধার করাসহ ৭৮ লাখ টাকার বিভিন্ন অবৈধ সামগ্রী নিলামে বিক্রি করে সরকারের কোষাগারে জমা দেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিএ’র ঢাকা নদীবন্দর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান, জুলাই মাসের মধ্যেই বুড়িগঙ্গা নদীর উভয় পাড়ের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা সম্ভব হবে। পাশাপাশি বুড়িগঙ্গার দুই পাড়ে স্থায়ী সীমানা পিলার স্থাপন করার কাজও নিয়মিত চলবে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় সফি উদ্দিনের অবৈধ সাত তলা বাড়ি ভেঙে ফেলা হয়। এ সময় শত শত উত্সুক জনতা কর্মকর্তাদের অভিনন্দন জানান। মঙ্গলবার উচ্ছেদ স্থাপনার মধ্যে রয়েছে সাত তলা ভবন একটি, একতলা ভবন পাঁচটি, আধাপাকা ১৭টি ও টিনসেট ২১টি।