আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ গুলিবিদ্ধ চার জনসহ আহত ২০

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ০০:০৮

মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। গতকাল মঙ্গলবার মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা ও ঢালীকান্দিসহ ৪টি গ্রামে স্বপন মেম্বার ও মেজবাউদ্দিন মিজু মেম্বারের গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে নারীসহ ১০ জনকে আটক করেছে। গুলিবিদ্ধ আবু সাঈদ, নূর উদ্দিন সরকার, সোলেমান গাজী ও আকরাম খানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, সম্প্রতি মোল্লাকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপন দেওয়ান ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাউদ্দিনের মধ্যে বিরোধের জেরে হামলা-পালটা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে আসছিল।  এরই জেরে গতকাল ভোরে স্বপন দেওয়ানের নেতৃত্বে অর্ধশতাধিক লোক নোয়াদ্দা ও ঢালীকান্দি এলাকাসহ চারটি গ্রামে হামলা চালায়। এ সময় মেজবাউদ্দিনকে না পেয়ে এলাকার নিরীহ মানুষের ওপর হামলা চালায় তারা। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে তারা। এ সময় গুলির ঘটনাও ঘটে। গুলিতে চারজন আহত হয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক শৈবাল বশাক বলেন, মোল্লাকান্দি ইউনিয়ন থেকে চিকিত্সা নিতে আসা গুলিবিদ্ধ চারজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

মেজবাউদ্দিন ঢালী জানান, এলাকার নিরীহ মানুষদের ওপর আচমকা হামলা চালায় চিহ্নিত সন্ত্রাসী স্বপন বাহিনী। এদিকে স্বপন দেওয়ান জানান, বাজারে তার ওপর হামলা চালানো হয়। পরে আমার লোকজন পালটা হামলা চালায়।

পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এ সময় অভিযুক্তদের গ্রেফতারে চিরুনি অভিযান চালানো হচ্ছে বলেও জানান।