মুন্সীগঞ্জের শ্রীনগরের উত্তর বালাশুর নতুন বাজার এলাকার লিজ নেওয়া জমিতে সন্ত্রাসী গ্রুপ টং ঘর স্থাপন করে একটি পরিবারকে হয়রানি করার অভিযোগ উঠেছে। গ্রুপটি পরিবারের বিরুদ্ধে দুইটি মামলা করেছে। পুলিশ ওই সন্ত্রাসী গ্রুপটির পক্ষে অবস্থান নিয়ে পরিবারটিকে হয়রানি করছে বলে অভিযোগ করা হয়েছে।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সাহেলা বেগম ও তার ভাই রাসেল। সংবাদ সম্মেলনে সাহেলা বেগম অভিযোগ করে বলেন, হযরত আলী, করিম বেপারী, সালাম বেপারীসহ স্থানীয় সন্ত্রাসী ও প্রভাবশালী গ্রুপটি গত মার্চ মাসে তার লিজকৃত জমিতে টং ঘর স্থাপন করে। পরবর্তীতে সন্ত্রাসী গ্রুপটি টং ঘর সরিয়ে নিতে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনার জের ধরে উভয় পক্ষ শ্রীনগর থানায় এজাহার দায়েরের জন্য অভিযোগ করে। কিন্তু পুলিশ প্রথম দফায় তাদের মামলাটি মূল ঘটনার দিনের দুই দিন পিছিয়ে দিয়ে ৪ মার্চ তারিখে মামলা রুজু করায়। সন্ত্রাসী গ্রুপটির মামলা পুলিশ সঠিক সময়ের তারিখ দিয়ে করায়। এ ঘটনার পর সন্ত্রাসী গ্রুপটির প্রধান করিম ব্যাপারী মুন্সীগঞ্জ আদালতে দুইটি মামলা করেন। এরই মধ্যে শ্রীনগর থানা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে বিষয়টি তদন্ত করার পর টং ঘর সরিয়ে দেয়। এরপর থেকে সন্ত্রাসী গ্রুপটি পুলিশ দিয়ে তাদেরকে হুমকি দিচ্ছে। সন্ত্রাসী গ্রুপটির হাত থেকে বাঁচতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজি’র সুদৃষ্টি কামনা করা হয় সংবাদ সম্মেলনে।
