আসামি ধরতে গিয়ে অবরুদ্ধ পুলিশ, ২ ঘণ্টা পর উদ্ধার

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৭

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সুমন (২৫) নামের আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এসময় পুলিশকে প্রায় দুই ঘণ্টা ঘেরাও করে রাখে তারা। ভাঙচুর করা হয় পুলিশের ব্যবহৃত মাইক্রোবাস।

রবিবার (২ ফ্রেব্রুয়ারি) রাতে হরিপুর উপজেলার বনগাঁও বাজারে এ ঘটনা ঘটে। হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় এসআই জামাল উদ্দিনের নেতৃত্বে  গোয়েন্দা পুলিশের পাঁচ সদস্যের একটি দল রাণীশংকৈল থানার নারী শিশু অপহরণ মামলার আসামি সুমনকে হরিপুর উপজেলার বনগাঁও বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। সুমনকে গাড়িতে তোলার সময় পরিবারের সদস্যসহ আসামিপক্ষের শতাধিক লোক পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। তারা পুলিশকে ঘিরে রেখে আসামিকে ছিনিয়ে নেয়। খবর পেয়ে রাত ৮টার দিকে ১১ সদস্যের আরও একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে এবং রাত পৌনে ১০টায় গোয়েন্দা পুলিশের ওই অপারেশন টিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় দেড়শ' জন লোক পুলিশের অভিযান ঠেকাতে জড়ো হয়। এসময় উত্তেজিত লোকজন পুলিশের ব্যবহৃত মাইক্রোবাস চালককে মারধর করে এবং গাড়ির কাঁচ ভেঙে ফেলে। এক পর্যায়ে তারা আসামি সুমনকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়।

হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। আসামিকে আবারও গ্রেপ্তারের চেষ্টা চলছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি