কোরবানি পর্যন্ত দেশে গবাদি পশু প্রবেশ নিষিদ্ধ

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ০০:২৮

খামারিরা যাতে গবাদিপশুর ন্যায্যমূল্য পায় তা নিশ্চিত করতে আগামী ঈদুল আজহা পর্যন্ত দেশে বাইরে থেকে গবাদিপশুর প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু সভায় সভাপতিত্ব করেন।

সভায় জানানো হয়, দেশ এখন মাংসে স্বয়ংসম্পূর্ণ। আগে প্রতিবছর ২৪ থেকে ২৫ লাখ ভারতীয় গরু প্রবেশ করলেও গত বছর মাত্র ৯২ হাজার গরু ঢুকেছে। দেশের পশুবিক্রেতাদের স্বার্থে ঈদুল আজহা পর্যন্ত সীমান্তপথে বৈধ-অবৈধ সবধরণের গবাদিপশুর অনুপ্রবেশ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বছর ঈদুল আজহায় ১ কোটি ১০ লাখ পশুর কোরবানি হতে পারে বলে সভায় জানানো হয়।

তবে প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, দেশে কোরবানিযোগ্য পশু রয়েছে ১ কোটি ১৭ লাখ ৮৮ হাজার ৫৬৩টি। এর মধ্যে কোরবানিযোগ্য গরু-মহিষ ৪৫ লাখ ৮২ হাজার, ছাগল-ভেড়া ৭২ লাখ এবং অন্যান্য পশু ৬ হাজার ৫৬৩টি ।

উল্লেখ্য, গত বছর ঈদে কোরবানিযোগ্য গবাদিপশু ছিল ১ কোটি ১৫ লাখ। কোরবানি হয়েছিল ১ কোটি ৫ লাখের মতো পশু।   

সভায় জানানো হয়, আসন্ন ঈদে হাটবাজারগুলোতে পশুর স্বাস্থ্যসেবার লক্ষ্যে ভেটেরিনারি মেডিক্যাল টিম কাজ করবে। ঢাকায় দুই সিটি করপোরেশনের আওতায় মোট ২৪টি স্থায়ী-অস্থায়ী কোরবানির হাটবাজারে দুটি করে ভেটেরিনারি টিম কাজ করবে। স্বাস্থ্যহানিকর  স্টেরয়েড ও হরমোন ইনজেকশনের মাধ্যমে গরু মোটতাজাকরণ প্রতিরোধে এ টিম কাজ করবে।