আওয়ামী লীগের লিফলেট বিতরণকারীদের গ্রেপ্তার করা হবে: প্রেস সচিব

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০২

আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরণকারীদের গ্রেপ্তার করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, পতিত স্বৈরাচারের দোসর ও সাঙ্গপাঙ্গরা অনেক কিছু করতে চাচ্ছেন। তারা লিফলেট বিতরণ করতে চাচ্ছেন। যাঁরা লিফলেট বিতরণ করবেন, তাঁদের জন্য কড়া বার্তা হলো, তাঁদের গ্রেপ্তার করা হবে। লিফলেটে যেসব কথা আছে, সেটা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে হুমকিতে ফেলার কথা। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘যারা লিফলেট বিতরণ করেছে, তাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা শুনেছিল, ঢাকায় ৭০টি জায়গায় লিফলেট বিতরণ করা হবে। কিন্তু তিনটি জায়গায় তারা তা করতে চেষ্টা করেছিল, সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অনলাইনে অনেক কিছু বিতরণ করছে।’

গুজব প্রতিরোধে সরকারের পক্ষ থেকে সাইবার সেল করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’ নামে ফেসবুক পেজ চালু করা হয়েছে। এ ছাড়া দেশে স্বাধীন ফ্যাক্টস চেকার আছেন। গুজব নিয়ে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গেও গুরুত্ব দিয়ে সঙ্গে আলাপ হয়েছে।

ইত্তেফাক/আরআর