বিচারকদের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে রিট

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ০০:৩৮

আদালত অঙ্গন ও বিচারকদের যথাযথ নিরাপত্তা দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ রিটের উপর শুনানি হবে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এ রিট দায়ের করেন।

কুমিল্লা আদালতে বিচারকের সামনে এক আসামি কর্তৃক আরেক আসামিকে ছুরি দিয়ে হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে এ রিট করা হয়। ইশরাত হাসান বলেন, আদালত কক্ষে বিচারকের সামনে যেভাবে হত্যা করা হয়েছে, সচেতন নাগরিক হিসাবে এ ঘটনায় আমি উদ্বিগ্ন। এ কারণে সকল আদালত অঙ্গন ও বিচারকদের যথাযথ নিরাপত্তা দেওয়ার নির্দেশনা চেয়ে এ রিট করেছি।