বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসকে হারিয়ে আবারও ফাইনালে উঠেছে তামিম ইকবালের দল। শিরোপা জয়ের লড়াইয়ের আগেই নতুন ধামাকা নিয়ে হাজির হয়েছে দক্ষিণাঞ্চলের দলটি।
বরিশালের 'লঞ্চে উঠেছে' নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশাম। ইতোমধ্যে বাংলাদেশের এসে পৌঁছেছেন তিনি। দেশি ক্রিকেটারদের সঙ্গে কাইল মায়ার্স, দাউদ মালানের পর যোগ দিলেন এই কিউই অলরাউন্ডার। এতে ফাইনালের আগে আরও শক্তি বেড়েছে বরিশালের।
যদিও নিশাম কার জায়গায় খেলবেন, সেটি একটি প্রশ্ন। গতকাল প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসের বিপক্ষে বরিশালের ৪ বিদেশি ছিল দাউদ মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী ও মোহাম্মদ আলী। ৫ উইকেট নিয়ে আলী কাল হয়েছেন ম্যাচসেরা। মাত্র ৮ ম্যাচ খেলেই ১৫৭ স্ট্রাইক রেটে মালান করেছেন ৩১৫ রান। চিটাগংয়ের বিপক্ষে কাল ২২ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন এই ইংলিশ ব্যাটার। মালানকে নিয়েও প্রশ্ন নেই।
অন্যদিকে মায়ার্স ৪ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ৫ ইনিংসে ব্যাটিং করে রানও করেছেন ১৬৩, স্ট্রাইক রেট ১৮০–এর বেশি। নিশাম পেস বোলিং অলরাউন্ডার হওয়ায় মায়ার্সের জায়গাতেই খেলার কথা। তবে সেটি নাও হতে পারে। বাদ পড়তে হতে পারে নবীকে। কেননা, ১০ ম্যাচে মাত্র ৬৩ রান ও ৮টি উইকেট নিয়েছেন নবী। কাজেই বাকিদের দিকে তাকালে নবীর বাদ পড়ার সম্ভাবনাই বেশি।
গত মৌসুমে বিপিএল রংপুরের হয়ে খেলেছেন নিশাম। মিরপুরে ৯৭ রানের দুর্দান্ত একটি ইনিংসও আছে তার। সেই তাকেই এবার ফাইনালের জন্য উড়িয়ে এনেছে ফ্র্যাঞ্চাইজিটি।
