বিমানবন্দর থেকে অজ্ঞান পার্টির ৭ সদস্য গ্রেফতার

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ০০:৩৯

রাজধানীর বিমানবন্দর থেকে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির ৭ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন— মোশারফ হোসেন মাহিন, মো. আমিনুল ইসলাম, মো. চাঁদ হাওলাদার, মো. রবিন মিয়া, মো. বাবু, মো. রফিক ও সচিত দাস। সোমবার সন্ধ্যায় বিমানবন্দর গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ৩টি মলম, ৫টি স্পেয়ার ব্লেড, ৩টি মোবাইল ফোন ও ৭৫০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের টার্গেট ছিল হজযাত্রী।

র্যাব-১ এর এএসপি মো. সালাউদ্দিন জানান, এই চক্রের সদস্যরা সাধারণ পথচারী, যাত্রী এবং বিমানবন্দরে প্রবেশরত হজ যাত্রীদের কাছ থেকে কৌশলে মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত। এছাড়াও তারা যাত্রীবাহী বাসে উঠে সাধারণ যাত্রীদের কৌশলে অজ্ঞান করে তাদের কাছ থেকে মোবাইল, টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রীসহ সর্বস্ব লুট করে নিয়ে যেত।