আমি বর্ণবাদী নই:ট্রাম্প

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ০০:৪০

একের পর এক বর্ণবাদের অভিযোগ আসায় অবশেষে এই ইস্যুতে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের চার নারী প্রতিনিধির বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন  ট্রাম্প। ওই নারীদের উদ্দেশ করে ট্রাম্প বলেছিলেন, ‘যারা যুক্তরাষ্ট্রের সমালোচক তাদের দেশটি ছেড়ে দেওয়াই উচিত।’ সোমবার বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার পর আত্মপক্ষও সমর্থন করে আরো কঠোর ভাষায় তাদের আক্রমণ করেন।

তবে গতকাল হঠাত্ করে রক্ষনাত্মক অবস্থানে বলে যান ট্রাম্প। তিনি এক টুইট করে সমালোচকদের উদ্দেশে বলেন, আমি যে মন্তব্যগুলো করেছিলাম তার মধ্যে বর্ণবাদের কিছু ছিল না। আমার শরীরে বর্ণবাদী দোষে দুষ্ট একটা হাড়ও নেই! বর্ণবাদের নিন্দা জানিয়ে প্রতিনিধি পরিষদে যখন ট্রাম্পের বিরুদ্ধে একটি প্রতিকী রেজ্যুলেশনে ভোটাভুটির আয়োজন শুরু হয়েছে তখন ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করলেন।

এদিকে ক্যাপিটল হিলে এক সংবাদ সম্মেলনে চার কংগ্রেসওম্যান বলেছেন, ট্রাম্প বিভক্তির বীজ বপন এবং অভিবাসন, স্বাস্থ্য ও কর বিষয়ক ব্যর্থ নীতি থেকে মানুষের দৃষ্টিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাদের মতে, দুর্বল মনের মানুষ ও নেতারা নীতি নিয়ে বিতর্ক ও চ্যালেঞ্জ এড়াতে দেশের প্রতি আনুগত্যকে চ্যালেঞ্জ করে।