শেখ মনির ৭৯তম জন্মবার্ষিকী আজ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ০০:৩৭

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৭৯তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৯ সালে ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় ঐতিহাসিক শেখ পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা মরহুম শেখ নূরুল হক বঙ্গবন্ধুর ভগ্নিপতি। মা শেখ আছিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন।

শেখ মনির জন্মবার্ষিকী উপলক্ষে যুবলীগ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচিতে রয়েছে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, সকাল ৮টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে শেখ ফজলুল হক মনির কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ এবং সকাল সাড়ে ৯টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ এক যৌথ বিবৃতি দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশে শেখ মনি ১৯৭২ সালে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে বাংলাদেশের প্রথম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে যুব রাজনীতির সূচনা করেন। শেখ ফজলুল হক মনি ২ পুত্র সন্তানের জনক ছিলেন। ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সাথে শেখ ফজলুল হক মনি ও তার স্ত্রী বেগম আরজু মনি শাহাদাত্ বরণ করেন। শেখ মনি ঢাকা নব কুমার ইনস্টিটিউট থেকে মাধ্যমিক পাস করেন। এরপর তিনি জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন ১৯৫৮ সালে। ১৯৬০ সালে তিনি বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। শেখ ফজলুল হক মনি কেবল রাজনীতি নয়, সাহিত্য এবং সাংবাদিকতায়ও অবদান রাখেন। তার ‘অবাঞ্ছিতা’ উপন্যাস পাঠক সমাদৃত। দৈনিক বাংলার বাণী, ইংরেজি দৈনিক বাংলাদেশ টাইমস ও বিনোদন ম্যাগাজিন ‘সিনেমা’র সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুজিব বাহিনীর অধিনায়ক ছিলেন।