শাহজাদপুর

দলীয় কার্যালয়ে প্রবেশ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৯

সিরাজগঞ্জের শাহজাদপুরে দলীয় কার্যালয়ে প্রবেশের সময় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) উপজেলার মনিরামপুর এলাকায় বিএনপি অফিসের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপির উপদেষ্টা ও বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ডা. এম এ মুহিত এবং কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির অন্য সদস্য গোলাম সরওয়ারের নেতাকর্মীদের সঙ্গে এই সংঘর্ষ তৈরি হয়। দলীয় কার্যালয়ে প্রবেশ নিয়ে গোলাম সরওয়ারের উপর হামলা করে তারা। এ সময় এলাকাজুড়ে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়।

গোলাম সরওয়ার অভিযোগ করে বলেন, নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের কবর জিয়ারত শেষ করে দলীয় কার্যালয়ে গেলে এম এ মুহিতের সমর্থকরা তাদের ওপর হামলা করে। এতে তাদের প্রায় ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।

আহতরা হলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম, শাহজাদপুর পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আনিছুর রহমান ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কুদ্দুস।

তবে এ বিষয়ে ডক্টর এম. এ মুহিত এর মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, দলীয় কার্যালয়ে প্রবেশ কেন্দ্র নিয়ে নিজ দলের মধ্যে এমন হামলা সত্যিই দুঃখজনক। এ ঘটনায় তিনি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। তবে এ ঘটনায় তেমন কেউ গুরুতর আহত হয়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি